যদি আমি একটি গোলাপ হতাম

· Prothom Alo

প্রিয় পাঠক, প্রথম আলোয় নিয়মিত প্রকাশিত হচ্ছে আপনাদের লেখা। আপনিও পাঠান। গল্প-কবিতা নয়, বাস্তব অভিজ্ঞতা। আপনার নিজের জীবনের বা চোখে দেখা সত্যিকারের গল্প; আনন্দ বা সফলতায় ভরা কিংবা মানবিক, ইতিবাচক বা অভাবনীয় সব ঘটনা। শব্দসংখ্যা সর্বোচ্চ ৬০০। দেশে থাকুন কি বিদেশে; নাম, ঠিকানা, ফোন নম্বরসহ পাঠিয়ে দিন এই ঠিকানায়: [email protected]

১৬০-০০–৪০-০০। মনিটরে এ রকমই হৃৎস্পন্দন দেখাচ্ছে। বারবার ‘শূন্য’ হয়ে যাচ্ছে। রক্তচাপ আগেই শূন্য হয়ে গেছে। নিষ্ঠুর একটা নিয়তির চূড়ান্ত রায় এই বুঝি ঘোষণা করা হলো। যেন তারই অপেক্ষায় স্বামী, দুই ছেলে, দুই বিশেষজ্ঞ চিকিৎসক ভাই, আরও তিনজন চিকিৎসক আত্মীয়। সবার চোখেমুখে আতঙ্কের ছাপ। কিন্তু কোনো ছোটাছুটি নেই। একটা মানুষের জীবন-মৃত্যু আটকে আছে যেন ১৬ ইঞ্চি মনিটরে। কিছুক্ষণ পর মনিটরে সব শূন্য হয়ে গেল, সরলরেখা ভেসে উঠল। কর্তব্যরত চিকিৎসক বললেন, ‘সরি, স্যার।’

Visit afnews.co.za for more information.

এ বছরের ১৫ জানুয়ারি। স্থান শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল।

আমার বোন শাহানা শামসুন্নেছা নাহিদ বিরল রোগ এমএনডির একটি প্রকারভেদ এএলএসে (অ্যামায়োট্রফিক ল্যাটারাল স্ক্লরোসিস) ভুগছিলেন। এটাই একজন এমএনডি বা মটর নিউরন ডিজিজ রোগীর জীবনের শেষ মুহূর্তের ছবি।

অথচ কতই–না প্রাণোচ্ছল ছিলেন আমার বোনটি। আট ভাইবোনের মধ্যে তিনি ছিলেন ষষ্ঠ, বোনদের মধ্যে ছোট।

বরিশাল শহরে আমাদের বেড়ে ওঠা। আব্বা ছিলেন সরকারি হাইস্কুলের প্রধান শিক্ষক। বিভিন্ন জেলায় চাকরি করেছেন। তাঁর পক্ষে আট ভাইবোনের লেখাপড়া চালানো ছিল দুরূহ। মায়ের কাছে শুনেছি, আব্বাকে অনেকেই অনুরোধ করত প্রাইভেট পড়াতে। কিন্তু তিনি বলতেন, আমি তো স্কুলেই সবটা পড়িয়ে ফেলি, প্রাইভেট কিসের জন্য?

আমরাও ছোটবেলা প্রাইভেট শিক্ষক পাইনি। আব্বা যখন বাসায় আসতেন, তখন আমাদের ইংরেজি পড়াতেন। বড় ভাইবোনেরাও ছোট ভাইবোনদের পড়াতেন। নাহিদ আপা আমাকে পড়িয়েছেন। স্কুলে নিয়ে গেছেন। আহ্লাদ-আবদারের কোনো ছড়াছড়ি ছিল না, কিন্তু মমতা-স্নেহ-ভালোবাসার অপূর্ব বন্ধনে কেটেছে ছেলেবেলা। আমি সবার ছোট কিন্তু নাহিদ আপা ছিলেন আমার খেলার সাথি, খাওয়ার সাথি। মায়ের ভাগ হয়ে যাওয়া আনুকূল্য ছোট হিসেবে আমরা দুজন একটু বেশি পেতাম।

নাহিদ আপা এসএসসি পাস করেছিলেন সম্ভবত ১৯৮২ সালে। রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স করেছিলেন বরিশাল ব্রজমোহন কলেজ থেকে। মেধাতালিকায় স্থান পেয়েছিলেন। আদর্শবাদী শিক্ষক পিতার মতো শিক্ষক হতে চেয়েছিলেন বিএড সম্পন্ন করে। হয়েওছিলেন। আপা শিক্ষকতা করেছেন পটুয়াখালী রশিদ কিশলয়ে। কখনো অন্যায়ের সঙ্গে আপস করতে দেখিনি তাঁকে।

ছাত্রজীবনে লেখালেখি শুরু করেন আমার নাহিদ আপা। তাঁর লেখা গানসহ একটা গানের ক্যাসেট বেরিয়েছিল। গেয়েছিলেন জুয়েল নামের এক তরুণ গায়ক। সেই গান প্রায়ই রেডিও বাংলাদেশ খুলনা কেন্দ্র থেকে প্রচারিত হতো। আমরা গোল হয়ে রেডিওতে সেই গান শুনতাম। গানের কথা ছিল এ রকম, ‘যদি আমি একটি গোলাপ হতাম/ আমার সুবাস দিয়ে সকলকে মাতিয়ে একদিন মাটিতে ঝরে যেতাম’।

নব্বইয়ের দশকের শুরুর দিকের কথা এটা। আব্বা ছিলেন ধার্মিক মানুষ। গান-বাদ্য তেমন পছন্দ করতেন না। নাহিদ আপাও আর এগোলেন না। কিন্তু তাঁর লেখা অসংখ্য গান, কবিতার খাতাটা আছে। হারিয়ে গেছে তাঁর সেই গানের ক্যাসেটটা। ইউটিউবে বহুভাবে খুঁজেও পেলাম না তাঁর লেখা গানটা।

নাহিদ আপা ছিলেন আমাদের পরিবারের মধ্যমণি! আব্বা তাঁর ছোট মেয়েকে ছাড়া কোনো সিদ্ধান্ত নিতেন না। ফুল গাছের নেশা ছিল আপার। আমি ছিলাম তাঁর বাগান করার সাথি। অনেক ছোটবেলায় একবার নাকি বাসার কাছের কলেজ থেকে ফুল গাছ আনতে গিয়ে ধরা পড়েছিলেন। বাবার নাম জিজ্ঞেস করায় ভুলভাল নাম বলেছিলেন, যাতে আব্বার সম্মান নষ্ট না হয়। পশুপাখিও ছিল তাঁর প্রিয়। একটা শালিকের ছানার খোঁজে একবার বহুদূর গিয়েছিলেন আমাকে নিয়ে। ঘর গুছিয়ে রাখতে পছন্দ করতেন। আজ তাঁর কবরটা ফুল গাছ দিয়ে সাজিয়ে রাখা!

২০২২ সালে আপার এমএনডি ধরা পড়ে। আপার শরীরের মটর নার্ভ বা নড়াচড়ার স্নায়ুগুলো অকেজো হয়ে পড়া শুরু হলো। ধীরে ধীরে অসাড় হতে থাকল শরীরটা। কথা বলা বন্ধ হয়ে গেল। খাওয়ার সামর্থ্য নষ্ট হয়ে গেল। বিদেশে গিয়েও হতাশ হয়ে ফিরতে হলো আমাদের। একজন অনকোলজির চিকিৎসক হিসেবে জানি, এ রোগের কোনো কার্যকর চিকিৎসা নেই। আমরা দুই চিকিৎসক ভাই হতাশায় মুষড়ে পড়া ছাড়া কিছুই করতে পারলাম না। ক্রমবর্ধমান এ রোগ ধীরে ধীরে তাঁকে মৃত্যুর দিকে নিয়ে গেল। ২০২৬ সালের ১৫ জানুয়ারি আইসিইউতে নাহিদ আপা পৃথিবীর মায়া ত্যাগ করলেন, ৫৮ বছর বয়সে!

আপার বড় ছেলে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) থেকে পাস করে এখন চাকরি করছে। ছোট ছেলে খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে পড়ছে। তারা অকালে হারিয়েছে তাদের সাফল্যের নেপথ্য কারিগর, সদা হাস্যময়ী মাকে।

এ রকম বিরল রোগে আক্রান্ত হয়ে আরও কত সহস্র মানুষ মৃত্যুর দিন গুনছে! সেসব মানুষ আর তাদের স্বজনদের জন্য সমবেদনা জানানো ছাড়া আর কিছুই কি করার নেই? চিকিৎসাবিজ্ঞান কি একদিন এসব রোগের নিরাময় আবিষ্কার করতে পারবে?

আ ন ম মঈনুল ইসলাম, সহযোগী অধ্যাপক, শের–ই–বাংলা মেডিকেল কলেজ, বরিশাল

Read full story at source