নারায়ণগঞ্জে গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণ, শিশুসহ দগ্ধ ৫

· Prothom Alo

নারায়ণগঞ্জের বন্দরে একটি বাসায় গ্যাসের লিকেজ থেকে বিস্ফোরণে শিশুসহ পাঁচজন দগ্ধ হয়েছেন। আজ বৃহস্পতিবার সকালে উপজেলার মদনপুরের চাঁনপুর এলাকায় এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে একই পরিবারের শিশুসহ চারজন আছেন।

Visit raccoongame.org for more information.

দগ্ধ পাঁচজন হলেন বন্দর উপজেলার চাঁনপুর এলাকার মান্নান (৫০), সুলতানা (৩৫), সিয়াম (১৯), মিম (১৩) ও হযরত আলী (৮)।

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা আশরাফ উদ্দিন বলেন, একটি বাসায় সিলিন্ডার থেকে লিকেজ হয়ে গ্যাস ঘরের ভেতরে জমে ছিল। সকালে চুলা জ্বালানোর সময় আগুনের সংস্পর্শে এসে বিস্ফোরণের ঘটনা ঘটে। এ ঘটনায় একই পরিবারের চারজনসহ পাঁচজন দগ্ধ হন। স্থানীয় লোকজন তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠান।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক শাওন বিন রহমান বলেন, সুলতানার শরীরের প্রায় ৯০ শতাংশ, সিয়ামের ৭৭, মিমের ৪১, মান্নানের ৩০ ও হযরত আলীর ৮ শতাংশ দগ্ধ হয়েছে। তাঁদের মধ্যে চারজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হযরত আলীকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। তাঁদের কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

Read full story at source