মহাসড়কে উল্টো পথে চলছিল অটোরিকশা, বাসের সঙ্গে সংঘর্ষে চালক নিহত
· Prothom Alo

চট্টগ্রামের সীতাকুণ্ডে যাত্রীবাহী বাসের সঙ্গে সংঘর্ষে এক অটোরিকশাচালকের মৃত্যু হয়েছে। আজ সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার পৌর সদরের দক্ষিণ বাইপাস এলাকার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
Visit moryak.biz for more information.
নিহত চালকের নাম ইয়াসিন আরাফাত (১৯)। তিনি উপজেলার পূর্ব সৈয়দপুর গ্রামের কালা মিয়া বাড়ির বাসিন্দা। এ ঘটনায় বাসটির চালককে গ্রেপ্তার করেছে হাইওয়ে পুলিশ। গ্রেপ্তার চালকের নাম আমির হোসেন (৩২)। তিনি লক্ষ্মীপুর জেলার সদর উপজেলার বাসিন্দা।
পুলিশ জানায়, অটোরিকশাটি মহাসড়কের ওই লেন দিয়ে ইউ টার্ন নেওয়ার চেষ্টা করছিল। ইউ টার্নের পাশেই উপজেলার বাইপাস সড়ক। তবে ইউ টার্ন নিতে এটি মহাসড়কের উল্টো পথে চলছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি যাত্রীবাহী বাসের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়। মুহূর্তেই অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা গুরুতর আহত অবস্থায় অটোরিকশার চালককে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানেই চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
জানতে চাইলে কুমিরা হাইওয়ে পুলিশের পরিদর্শক নুরুল আবছার প্রথম আলোকে বলেন, দুর্ঘটনার পর বাসচালককে গ্রেপ্তার করা হয়েছে। এ ঘটনায় সীতাকুণ্ড থানায় মামলা করার প্রস্তুতি চলছে। গ্রেপ্তার চালককে আগামীকাল মঙ্গলবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হবে।